ঢাকা: যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। রবিবার সন্ধ্যায় দেওয়া বক্তব্যে তিনি লন্ডনে তাঁর ওপর হামলার ঘটনা, সফরের অভিজ্ঞতা, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় ঐক্য নিয়ে অনুষ্ঠেয় সংলাপ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন।
নাহিদ ইসলাম জানান, গত ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত প্রায় এক সপ্তাহের যুক্তরাজ্য সফরে তাঁর সফরসঙ্গী ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। এ সময় তাঁরা অক্সফোর্ড, কেমব্রিজ ও সোয়াস (SOAS) ইউনিভার্সিটিতে জুলাই বিপ্লব ও বাংলাদেশের সমসাময়িক রাজনীতি নিয়ে সেমিনারে বক্তব্য দেন। পাশাপাশি হাউস অব লর্ডসের সদস্যবৃন্দ, ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ও হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে মতবিনিময় ও বৈঠক করেন।
লন্ডনে হামলার ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, ১৬ নভেম্বর লন্ডনের মেফেয়ার ভেন্যুতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় শেষে বের হওয়ার সময় 'পতিত ফ্যাসিস্ট শক্তির' নেতাকর্মীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে শারীরিক হামলা চালায়। তাঁর দাবি, পরবর্তী বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে অনলাইন মিটিংয়ে তাঁকে মেরে ফেলার পরিকল্পনার বিষয়টিও উঠে এসেছে। আয়োজকদের পক্ষ থেকে আগে থেকেই পুলিশকে অবহিত করা ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, হামলার সময় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীরা ঢাল হয়ে দাঁড়িয়ে তাঁকে রক্ষা করেন। এ ঘটনায় ১২ থেকে ১৩ জন প্রবাসী আহত হন, যাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। যুক্তরাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং তারা আইনগত পদক্ষেপ শুরু করেছে বলে জানান তিনি।
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা অভিযোগ করেন, ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় পতিত শক্তি দেশে ও বিদেশে একই কায়দায় অরাজকতা তৈরি করে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য সরকারের গত সাত মাসের ব্যর্থতাকে দায়ী করে তিনি বলেন, গণভোটের ৭০ শতাংশ গণরায়কে অস্বীকার করে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ও জাতীয় ঐক্য ভঙ্গ হয়েছে।
প্রধানমন্ত্রীর আহ্বানে জাতীয় ঐক্য নিয়ে অনুষ্ঠেয় সংলাপে অংশগ্রহণের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তির নবায়নের মতো মৌলিক বিষয়গুলোতে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী কী চাচ্ছেন এবং কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চান, তা শুনতেই সংলাপে যাবেন বলেও উল্লেখ করেন নাহিদ ইসলাম।

.jpeg)






