নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা ও সহিংসতা মোকাবিলায় কঠোর অবস্থান নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতাদের ওপর ধারাবাহিক হামলা ও হুমকির পর এবার তারা ‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে দলটি।
এনসিপির ৫ দফা দাবির মধ্যে রয়েছে—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীব জানান, আওয়ামী লীগ ভারত থেকে নির্দেশনা পেয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এনসিপি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে এই অপতৎপরতা রুখে দেবে।
সম্প্রতি এনসিপির ছাত্রনেতা হাসিবুল ইসলামের ওপর হামলা, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগ এবং যুক্তরাজ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টার পর দলটি তাদের কৌশল পরিবর্তন করেছে। আগে বিষয়টিকে ‘নিয়ন্ত্রিত নাশকতা’ মনে করলেও এখন তারা একে বড় হুমকি হিসেবে দেখছে।
দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা মনে করছেন, আওয়ামী লীগ শেষ ‘মরণকামড়’ দিতে চাইছে এবং জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতাদের টার্গেট করছে। এই রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সারা দেশের কর্মীদের মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

.jpeg)






