২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যুক্তরাজ্য সফররত জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্রনেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিক্ষোভ করছে আওয়ামী লীগের সমর্থকেরা। সর্বশেষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অনুষ্ঠান ঘিরে যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ ও হেনস্তার চেষ্টা চালান। তবে এনসিপি কর্মীদের তৎপরতায় নাহিদ ইসলাম নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
এর আগেও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর সফর ঘিরেও ডিম নিক্ষেপ ও বাধার ঘটনা ঘটেছে। অথচ একই সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা যুক্তরাজ্য সফর করলেও তাঁদের ক্ষেত্রে এমন কোনো প্রকাশ্য প্রতিরোধের ঘটনা ঘটেনি। এনসিপি নেতাদের বিরুদ্ধে আওয়ামী লীগের এই অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের দাবি, হাসনাত-নাহিদরা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে জড়িত এবং তাঁদের হাতে মানুষের রক্ত রয়েছে। তাই প্রবাসীরা স্বতঃস্ফূর্তভাবে তাঁদের প্রতিহত করছেন। অন্যদিকে, এনসিপি নেতাদের মতে, আওয়ামী লীগের এই আচরণ মূলত তাদের প্রতিশোধপরায়ণ ও সন্ত্রাসী মানসিকতার বহিঃপ্রকাশ।
এদিকে, যুক্তরাজ্য বিএনপির সদস্যসচিব খসরুজ্জামান খসরুর মতে, আওয়ামী লীগের এসব কার্যক্রম তাদের নিজস্ব কৌশল। তিনি আরও দাবি করেন, বিএনপি সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কর্মসূচি পালন করার মতো সক্ষমতা বা সমর্থন আওয়ামী লীগের প্রবাস শাখাগুলোর নেই। এই পরিস্থিতি বাংলাদেশের রাজনৈতিক বিরোধের প্রভাবকে বিদেশের মাটিতেও দৃশ্যমান করে তুলেছে।

.jpeg)






