রাজধানীর উত্তরখানের একটি বহুতল ভবন থেকে সানজিদা ইসলাম ইমা (২৪) নামের এক তরুণীর লাশ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনায় তার স্বামী মো. আমিনুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। হত্যার শিকার ইমা ও ঘাতক স্বামী আমিনুর উভয়েরই গ্রামের বাড়ি পাবনা জেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ই নভেম্বর উত্তরখানের হেলাল মার্কেট সংলগ্ন দোবাদিয়া রোডের ‘সোনালী পাবনা’ ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরদিন ৯ই নভেম্বর নিহতের স্বজন এটিএম সাইফুল ইসলাম বাদী হয়ে উত্তরখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ১৮৬০ সালের পেনাল কোডের ৩০২ ও ৩৪ ধারায় রুজু হওয়া এই মামলার নম্বর ০৩।
মামলা দায়েরের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা স্বামী আমিনুর রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাকে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পারিবারিক কলহের জেরে এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে— তা রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত খতিয়ে দেখছে পুলিশ।

.jpeg)






