গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানা পুলিশের এক বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৯ নভেম্বর, ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজের আশপাশের এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশের দেওয়া ফ্ল্যাশ রিপোর্ট সূত্রে জানা যায়, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. নুর হোসেন এবং তুরাগ থানার হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল করার উদ্দেশ্যে ব্যানারসহ প্রত্যাশা ব্রিজ এলাকায় অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. মাহমুদুল হক, এসআই মো. মাসুদ রানা, এএসআই মো. মশিউর রহমান এবং এএসআই মো. সোহেল রানাসহ পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালায়।
মিছিলের প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকার বাকরাল উত্তরপাড়ার মো. কামরুল ইসলাম (২১), মালিপাড়া কালাইবাড়ী এলাকার মো. হযরত আলী (২০) এবং বাদাম এলাকার মো. মিতুল হাসান (১৯)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের একটি ৭/৩ ফুট আকারের ব্যানার জব্দ করা হয়। উদ্ধারকৃত ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা বীরের বেশে ডিসেম্বরে ফিরবে বাংলাদেশে”।
তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

.jpeg)






