গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে যারা দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের পুনরায় ক্ষমতায় ফেরার আশা দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং পতিত ফ্যাসিস্ট শক্তির নৈরাজ্য রুখতে এই সমাবেশের আয়োজন করা হয়। রুবেল অভিযোগ করেন, গত ১৭ বছরের গুম-খুনের শাসনামল শেষে এখন প্রতিশোধ নিতেই তারা আগুন ও বোমা হামলার পথ বেছে নিয়েছে, যা জনগণ প্রতিহত করবে।
সমাবেশে তিনি যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর কর্মীদের এলাকায় গণপ্রতিরোধ ও গণপাহারা গড়ে তোলার আহ্বান জানান। গণসংহতি আন্দোলনের নেতা মনির উদ্দীন পাপ্পু বলেন, মানুষ কেবল সরকারের পতন নয়, বরং পুরো ব্যবস্থার পরিবর্তন চায় এবং অতীতের অপরাধের বিচার দেখতে চায়।
অন্য বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের ভোটাধিকার আর কেউ কেড়ে নিতে পারবে না। জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি চিরতরে বন্ধ করে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা।

.jpeg)






