রাজধানীর তুরাগ এলাকায় নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক জিএস মো. হৃদয় (২৬) এবং দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সদস্য মো. নাজমুল হুদা শান্ত (২৫)।
সোমবার (১৮ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে তুরাগ থানাধীন ১৭ নং সেক্টরস্থ শান্ত মরিয়াম ইউনিভার্সিটির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) রওশন জামান সঙ্গীয় ফোর্সসহ এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট ও বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে আসামিরা শান্ত মরিয়াম ইউনিভার্সিটির সামনে একত্রিত হয়ে নাশকতার পরিকল্পনা করছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে সরকারবিরোধী স্লোগান, ঝটিকা মিছিলসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. হৃদয় কুষ্টিয়ার দৌলতপুর থানার রিফায়েতপুর গ্রামের ওলিউল্লাহর ছেলে এবং মো. নাজমুল হুদা শান্ত একই থানার কাগহাটি গ্রামের নাজমুল হুদার ছেলে। তারা উভয়েই বর্তমানে ঢাকার সাভারের বিরুলিয়া খেয়াঘাট মসজিদ সংলগ্ন একটি বাসায় বসবাস করতেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মো. হৃদয়ের বিরুদ্ধে এর আগে কুষ্টিয়ার দৌলতপুর থানায় দ্য এক্সপ্লোসিভ সাবস্ট্যান্সেস অ্যাক্ট, ১৯০৮ (বিস্ফোরক দ্রব্য আইন) সহ ১৪৩/৩০৭/৪৩৬/৪২৭/৪২৯/৩৪ ধারায় একটি মামলা (মামলা নং-৩২, তারিখ- ১২/১১/২০২৬) রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তুরাগ থানা পুলিশ নিশ্চিত করেছে।

.jpeg)






