ঢাকা, ৩ নভেম্বর
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার কারণে সৃষ্ট পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দেশটিতে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে দিনের বেলায় ফ্লাইট চললেও রিয়াদ রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু হবে। তবে যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রতিদিন কেবল দিনের বেলাতেই এ রুটে ফ্লাইট পরিচালিত হবে।
অন্যদিকে, ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট সম্পর্কে বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিয়াদগামী যাত্রীদের বড় একটি অংশ বর্তমানে বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করছেন। ফলে এ রুটে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রিয়াদ রুটের ফ্লাইট সম্পূর্ণ স্থগিত থাকবে।
টিকিট ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

.jpeg)






