নওগাঁয় রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে জেলার সরকারি কর্মকর্তা ও সুধীজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, বিজিবি’র-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হকসহ জেলার সরকারি-বেসরকারি দপ্তর প্রধান ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রশাসনিক গতিশীলতা ও সেবার মান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিভাগীয় কমিশনার সরকারি কর্মকর্তাদের রুটিন দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়ে বলেন, সরকারি কর্মচারীদের ২৪ ঘণ্টা দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। তিনি সময়মতো অফিসে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মাদক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।
নওগাঁয় সারের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সার নিয়ে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না। এছাড়া দাপ্তরিক কাজের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

.jpeg)






