কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণকে অর্থবহ কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং টেকসই আয়ের সুযোগে রূপ দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত এক সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। দেশের অর্থনৈতিক অগ্রাধিকার ও শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন তিনি।
কিং আবদুল্লাহ বিন আবদুল আজিজ প্রোগ্রাম ফর দ্য আল্ট্রা-পুওর কমিউনিটির আওতায় প্রায় ১৯ হাজার প্রশিক্ষণার্থীর মাঝে এই সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মুসলিম এইড ইউকে-এর বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুহসিন সিদ্দিকীর সভাপতিত্বে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ বছর মেয়াদি এ কর্মসূচির সাফল্য তুলে ধরা হয়। ঢাকা, যশোর ও নীলফামারীতে তিনটি প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে মোট ১৯ হাজার ৩৯১ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়।
প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল সেলাই, কম্পিউটার পরিচালনা, গ্রাফিক ডিজাইন, বৈদ্যুতিক কাজ, রেফ্রিজারেশন ও গাড়ি চালনা। প্রশিক্ষণার্থীদের বৃত্তি, পেশাগত পরামর্শ এবং আত্মকর্মসংস্থানে সহায়তার জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থান ও টেকসই আয়ের সুযোগ তৈরিতে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওশার চৌধুরী প্রযুক্তনির্ভর দক্ষতা ও বিদেশি ভাষা শেখার ওপর গুরুত্ব দেন। ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রকল্প বিশেষজ্ঞ মনজুর মুর্শিদ বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিশাল জনশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা সম্ভব। অনুষ্ঠানে কয়েকজন প্রশিক্ষণার্থী নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে জানান যে বৃত্তিমূলক প্রশিক্ষণ তাদের জীবিকার উন্নতির সম্ভাবনা তৈরি করেছে।

.jpeg)






