দেশের বাজারে টানা দরপতনের ধারায় এবার ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ছয় হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই সিদ্ধান্ত নিয়েছে।
শনিবার রাতে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই মূল্য হ্রাসের সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা: দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই দাম রবিবার (২২ নভেম্বর) থেকে কার্যকর হবে। গত ৬ নভেম্বর থেকে আট দফায় ভালো মানের স্বর্ণের দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৮৬ হাজার ২১৬ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৫৯ হাজার ৯৭২ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৫৪১ টাকা কমিয়ে এক লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

.jpeg)






