উচ্চ বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে চীনে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ জন নারীকে রাজধানী ঢাকার উত্তরা ও ভাটারা এলাকা থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই অনৈতিক কাজে জড়ানোর উদ্দেশ্যে তাদের জোরপূর্বক আটকে রাখা হয়েছিল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এসআরবি-১ এর সিনিয়র সহকারী পরিচালক (অপস এবং মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালায় এসআরবি-১। সেখান থেকে মেমাচি মারমা (১৫) ও মাংশানু মগনি (১৮) নামের দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানায় করা একটি সাধারণ ডায়েরির (জিডি নং-১২৩৮) সূত্র ধরে ওইদিন রাত ৮টা থেকে পরদিন (২৭ অক্টোবর) রাত ১টা পর্যন্ত ভাটারা থানার এল-ব্লকের ৫৬ নম্বর রোডের ২৯৪১ নম্বর বাসার ৭ম তলায় অভিযান চালানো হয়। সেখান থেকে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা আরও ১০ জন নারীকে উদ্ধার করে এসআরবি।
উদ্ধার হওয়া বাকি ১০ নারী হলেন- রেখা চাকমা (২৮), ক্যানচি চাকমা (২২), বিরুপতি চাকমা (২৮), পূণ্যরেখা চাকমা (২৮), চাইছাইও মার্মা (২২), কৃষ্টিনা রোয়ালময় বৈল্টুং (১৯), পুষ্পিতা চাকমা (২১), পিংকি চাকমা (১৫), ববিতা চাকমা (২৭) এবং আদর্শী চাকমা (২১)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এসআরবি জানায়, ভুক্তভোগীদের চীনে উচ্চ বেতনে চাকরি ও বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে নিয়ে আসা হয়েছিল। পরবর্তীতে অসৎ উদ্দেশ্যে পাচারের জন্য তাদের জোরপূর্বক ওই বাসায় আটকে রাখা হয়। এ সময় তাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং নানা অনৈতিক কাজে জড়ানোর প্রলোভন দেখানো হয়।
উদ্ধারকৃত সকল নারীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। মানব পাচারকারীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে এসআরবি।

.jpeg)






