দীর্ঘ আট বছর মহাকাশে ভ্রমণের পর অবশেষে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধের কক্ষপথে প্রবেশ করেছে জাপান ও ইউরোপের যৌথ মহাকাশযান ‘বেপিকলম্বো’। রোববার ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) এই ঐতিহাসিক সাফল্যের কথা নিশ্চিত করেছে।
ইএসএ জানিয়েছে, মহাকাশযানটির গতি নিয়ন্ত্রণকারী ইঞ্জিন টানা ৩০ মিনিটের বেশি সময় সচল রেখে এটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ২০১৮ সালে যাত্রা শুরু করা ৪ টন ওজনের এই যানটি বুধে পৌঁছাতে এ পর্যন্ত ১০ বিলিয়ন কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে।
মিশন পরিকল্পনা অনুযায়ী, আগামী ৯ ও ১০ ডিসেম্বর মহাকাশযানটির ইউরোপীয় ও জাপানি অংশ দুটি আলাদা হয়ে নিজ নিজ কক্ষপথে অবস্থান নেবে। ইউরোপীয় অংশটি বুধের পৃষ্ঠতল পর্যবেক্ষণ করবে এবং জাপানি অংশটি গ্রহটির চৌম্বকক্ষেত্র নিয়ে বিস্তারিত গবেষণা চালাবে।
এর আগে ১৯৭৪ সালে নাসার ‘মেরিনার-১০’ প্রথম বুধের পাশ দিয়ে উড়ে গিয়েছিল। এই মিশন সম্পর্কে প্রধান সান্তা মার্টিনেজ জানান, এটি বুধের এমন সব অজানা তথ্য ও দৃশ্য তুলে ধরবে যা সৌরজগৎ সম্পর্কে মানুষের ধারণায় নতুন অধ্যায় যোগ করবে।
বুধ সৌরজগতের এমন এক চরম ভাবাপন্ন গ্রহ যেখানে তাপমাত্রা মাইনাস ১৮০ ডিগ্রি থেকে ৪৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। প্রতিকূল এই পরিবেশে তীব্র সৌর বিকিরণ মোকাবিলা করেই তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাবে বেপিকলম্বো।

.jpeg)






