তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে উপসাগরীয় দেশ বাহরাইন। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য যুদ্ধের দীর্ঘ বিরতির অবসান ঘটেছে। ইরানের রেভোল্যুশনারি গার্ডস জানিয়েছে, তারা বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন এয়ার ডিফেন্স রাডার সিস্টেমকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো রোববার সাইরেন বাজানো হয় এবং স্থানীয় কর্তৃপক্ষ অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়ে সতর্কবার্তা জারি করে। ভোর প্রায় ৪টার দিকে প্রথম এবং সকাল সাড়ে ৬টার দিকে দ্বিতীয় দফায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাহরাইনের সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা হামলাগুলো মাঝপথেই ঠেকিয়ে দিয়েছে এবং ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করেছে।
হামলা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, বাহরাইন তার ভূখণ্ডকে হিসেব মেটানোর ময়দানে পরিণত করা প্রত্যাখ্যান করছে এবং এই হামলার জন্য ইরানকে পূর্ণত দায়ী করছে। অন্যদিকে ইরানের রেভোল্যুশনারি গার্ডস জানিয়েছে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের ছয়টি ড্রোন দিয়ে মার্কিন রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তারা হোরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলো হাজার হাজার ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা গত শুক্রবারের হামলায় দুটি ইরানি ড্রোন গুলি করে নামিয়েছে, যাতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকে এই সংঘাত নিয়ে আলোচনা করার পরিকল্পনা করেছেন।

.jpeg)






