উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাষ্ট্রমালিকানাধীন কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে সরকারে কর্মরত কোনো সচিবকে এখন থেকে নিয়োগ দেয়া যাবে না। ফলে সচিবদের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান বা পরিচালক হওয়ার পথ বন্ধ হলো এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত একটি নীতিমালা জারি করেছে।
নতুন নীতিমালায় রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে বিভিন্ন পেশার ব্যক্তিদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার কথা বলা হয়েছে। এক্ষেত্রে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, একজন আইনজ্ঞ এবং একজন অবসরপ্রাপ্ত ব্যাংকারের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করতে হবে।
পাশাপাশি ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, কৃষি, আইন ও আইটি বিষয়ক অভিজ্ঞদের পর্ষদে অগ্রাধিকার দেয়ার কথা উল্লেখ করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা নীতিমালা অনুযায়ী, অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে এবং ঋণ খেলাপিরা সরকারি ব্যাংকের পরিচালক বা চেয়ারম্যান পদে নিয়োগ পাবেন না।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালক পদে মনোনয়নের জন্য ৬ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে যার সভাপতি হবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব। এছাড়া এই কমিটিতে একজন অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিভিন্ন অধিশাখার চারজন কর্মকর্তা সদস্য হিসেবে থাকবেন।