উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, হোটেল ও পর্যটন খাতের টেকসই উন্নয়নে শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে বিরোধের পরিবর্তে সহযোগিতামূলক সম্পর্ক অত্যন্ত জরুরি। সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সংঘাত নয় বরং সৌহার্দ্য ও আলোচনার মাধ্যমেই কর্মীদের ন্যায্য অধিকার সুরক্ষা এবং সেবার মান উন্নয়ন সম্ভব। তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, দক্ষ ও নিবেদিতপ্রাণ কর্মীরাই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চালিকাশক্তি, তাই ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।
নবনির্বাচিত ইউনিয়ন নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে। সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের আলোকে হোটেল ও পর্যটন খাতের প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।