উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর শ্রম ভবনে অনুষ্ঠিত নিম্নতম মজুরি বোর্ডের সভায় তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরির প্রস্তাব জমা দিয়েছে মালিকপক্ষ। তবে প্রস্তাবিত এই অঙ্কের পরিমাণ প্রকাশ করেনি মজুরি বোর্ড। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রস্তাবিত এই অঙ্ক আপাতত গোপন রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মালিকপক্ষের দেয়া এই প্রস্তাবকে গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, উভয় পক্ষই আপাতত মজুরি প্রস্তাবগুলো পর্যবেক্ষণ করবে এবং পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সংশোধিত প্রস্তাব দিতে পারবে। সভায় নিরপেক্ষ সদস্য ও উভয় পক্ষের প্রতিনিধি এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
এর আগে বোর্ডের পূর্ববর্তী সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিলেন। চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনা এবং শিল্পের সক্ষমতা মাথায় রেখে এই প্রস্তাব দেয়া হয়েছিল বলে বৈঠকে জানানো হয়।
পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। ২০২৩ সালের সর্বশেষ মজুরি বোর্ডে শ্রমিকপক্ষ ২০ হাজার ৩৯৩ টাকা দাবি করলেও শেষ পর্যন্ত দর-কষাকষি ও আন্দোলনের মুখে ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল।