উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ সোমবার সংলাপে বসতে সচিবালয়ে গেছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের উদ্যোগে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) প্রতিনিধিদল। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এই তথ্য নিশ্চিত করেছেন। সংলাপে অংশ নিতে যাওয়া চার নেতার বিষয়টি এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বেলা একটার পর সাংবাদিকদের জানান।
সংলাপে অংশ নিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক আকরাম হুসাইন। গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে এবং প্রথম দল হিসেবে এনসিপির নেতারা সরকারপ্রধানের সঙ্গে সংলাপে বসছেন।
এদিকে আজকের সংলাপে এনসিপির পক্ষ থেকে কী বলা হবে, সে বিষয়ে গতকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি জানান, তাঁরা মূলত শুনতে চাইবেন প্রধানমন্ত্রী কীভাবে দেশকে এগিয়ে নিতে ও পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। পাশাপাশি তাঁরা প্রধানমন্ত্রীকে পরামর্শ দেবেন যেন জাতীয় ঐক্যের সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকে এবং বিগত সময়ের অঙ্গীকার ভঙ্গের জন্য ক্ষমা চেয়ে এর সূচনা করা হয়।
নাহিদ ইসলাম আরও বলেন, জাতীয় ঐক্যের সূচনা এমন কিছু করার মাধ্যমে হতে হবে যাতে তাঁরা আশ্বস্ত হন এবং এর প্রধান ধাপ হচ্ছে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল ও সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়া। উল্লেখ্য, জাতীয় ঐক্যের লক্ষ্যে জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও প্রধানমন্ত্রীর পর্যায়ক্রমে আলোচনায় বসার কথা রয়েছে।