উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঢাকা-১৩ আসনের নাগরিক সমস্যার দ্রুত সমাধান এবং এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ৭০টি মহল্লায় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। রোববার মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এ তথ্য জানান। তিনি বলেন, এই কমিটিগুলো জনগণ ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে।
প্রতিমন্ত্রী জানান, স্কুল, কলেজ, মসজিদ কমিটি, বাড়ি মালিক সমিতি এবং বিভিন্ন সরকারি সেবা সংস্থার প্রতিনিধিদের নিয়ে এসব কমিটি সাজানো হয়েছে। এর ফলে স্থানীয়রা ছোটখাটো সমস্যার জন্য বিভিন্ন দপ্তরে না ছুটে সরাসরি কমিটির মাধ্যমে সমাধান পাবেন। সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজি রোধে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার ওপরও তিনি জোর দেন।
সভায় ডিএমপির তেজগাঁও বিভাগের পুলিশ কর্মকর্তা, সংশ্লিষ্ট থানার ওসি এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী আগামী কয়েক দিনের মধ্যে সুনির্দিষ্ট অভিযোগ ও আইনি জটিলতার তালিকা তার কার্যালয়ে জমা দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সমন্বিত উদ্যোগ ঢাকা-১৩ আসনকে আরও জনবান্ধব ও নিরাপদ করে তুলবে।