উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের (৫৬তম ব্যাচ) স্নাতক প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলমান থাকবে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ভার্চুয়ালি এই আবেদন প্রক্রিয়ার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ভর্তি আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি আরও বলেন, আমাদের অভিজ্ঞ শিক্ষকদের সহযোগিতায় আমরা এই প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে চাই এবং এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল অনলাইন আবেদন প্রক্রিয়াটি পরিচালনা করছে এবং আবেদনসহ ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য admission.juniv.edu ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য, গত ১৬ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাতটি ইউনিটের অধীনে ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১,৮৪৮ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।