উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) দেওয়া প্রস্তাবের পদ্ধতি ও তথ্যগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক চিঠিতে এই বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানিয়েছেন।
বিজিএমইএর দাবি, শ্রমিকদের পরিবারের সদস্য ও উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের পরিবর্তে মিডিয়ান ব্যবহার করায় প্রকৃত চিত্র উঠে আসেনি। এছাড়া, পুরো শিল্পের জন্য শুধু ঢাকা-আরবান এলাকার দারিদ্র্যসীমাকে মানদণ্ড হিসেবে ধরা অযৌক্তিক, কারণ সেখান থেকে মোট রফতানির মাত্র নয় শতাংশ আসে।
গত ১৮ নভেম্বর সিপিডি তাদের মূল্যায়নে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের পরামর্শ দিয়েছিল। বিজিএমইএ জানিয়েছে, সিপিডির হিসাবে আবাসন ব্যয় দুবার গণনা করা হয়েছে, কারণ খানা আয়-ব্যয় জরিপ ২০২২ অনুযায়ী খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যেই আবাসন অন্তর্ভুক্ত থাকে।
চিঠিতে সংগঠনটি আরও উল্লেখ করে, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে বাংলাদেশে মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ, যা ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ার তুলনায় অনেক বেশি। গত তিন বছরে ২৮৭টি কারখানা বন্ধ হওয়ার কথা তুলে ধরে বিজিএমইএ জানায়, মজুরি নির্ধারণে শিল্পের সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।