উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দীর্ঘ দুই বছর বিরতির পর আজ শুক্রবার (২০ নভেম্বর) নগরীর পলোগ্রাউন্ডে শুরু হচ্ছে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ)। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী এই মেলা নিয়ে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
বিকেল ৩টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা: শাহাদাত হোসেন এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান ও সাঈদ আল নোমান।
এবারের মেলায় দেশী-বিদেশী তিন শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় থাকছে ২০টি প্যাভিলিয়ন, একটি অ্যাসোসিয়েট কান্ট্রি জোন এবং ২১৬টি স্টল। ভারত, পাকিস্তান, চীন ও থাইল্যান্ডের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য টিকিটের মূল্য জনপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৯৯৩ সাল থেকে চট্টগ্রাম চেম্বার নিয়মিতভাবে এই মেলার আয়োজন করে আসছে।