উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। কিশোর গ্যাং, ছিনতাই, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে পরিচালিত এই অভিযানে মোট ৯৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত আসামিসহ মাদক মামলার ৬২ জন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৬৮ জন সদস্য রয়েছেন। মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে কিশোর গ্যাংয়ের ৩৯৪ জন সদস্যকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৩০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে এবং ১৬৪ জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।