উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে জাতীয় বাজেটে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত ‘সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল’ এর এক উচ্চপর্যায়ের আঞ্চলিক সংলাপে তিনি এই আহ্বান জানান।
‘ফ্রম ভিশনিং টু কমিটমেন্ট : অ্যাডভান্সিং চাইল্ড রেসপনসিভ বাজেটিং ইন এশিয়া’ শীর্ষক এই সংলাপে মাহ্দী আমিন বলেন, জাতীয় বাজেটে নানামুখী আর্থিক চাপ থাকা সত্ত্বেও শিশুদের কল্যাণ, শিক্ষা ও সুরক্ষায় বিনিয়োগ সম্প্রসারিত করতে হবে। তিনি আরও বলেন, শিশুদের জন্য এই ব্যয় কোনো সাধারণ খরচ নয়, বরং এটি একটি জাতির দীর্ঘমেয়াদি সমৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের সবচেয়ে ফলপ্রসূ বিনিয়োগ।
অনুষ্ঠানে ‘দ্য ইনভেস্টমেন্ট চয়েস : কিপিং চিলড্রেন অ্যাট দ্য সেন্টার অফ এশিয়াস ফিউচার’ শীর্ষক প্যানেল আলোচনায় বক্তব্য রাখেন মাহ্দী আমিন। এতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিসহ এশিয়ার বিভিন্ন দেশের সরকারি নীতিনির্ধারক, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ও শিশু অধিকারকর্মীরা অংশ নেন।
উপদেষ্টা মাহ্দী আমিন জোর দিয়ে বলেন, এশিয়ার ভবিষ্যৎ গঠনের কেন্দ্রে শিশুদের রেখেই প্রতিটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। একটি বৈষম্যহীন ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের জন্য আজকের শিশুদের মেধা ও মননের সঠিক বিকাশ নিশ্চিত করা অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।