উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রের স্বার্থে মওলানা আবদুল হামিদ খান ভাসানী কখনও আপস করেননি। দেশের মানুষের পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে তিনি বিরামহীনভাবে আন্দোলন-সংগ্রাম করেছেন। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগরীর পূবালী মার্কেটে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, মওলানা ভাসানী ছিলেন নির্যাতিত ও নিপীড়িত মানুষের নেতা এবং পলিমিশ্রিত এই মাটির সন্তান হিসেবে তিনি আজীবন মানবমুক্তির সংগ্রামের রাজনীতি করেছেন। তার অবদান ও কর্মময় জীবনের অনেক অধ্যায় এখনও অজানা রয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন। নতুন প্রজন্মের কাছে ভাসানীর সংগ্রাম, আদর্শ ও অবদান যথাযথভাবে তুলে ধরতে হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামী নেতা। তিনি আজীবন শোষণ, বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় তার অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন কমিটির আহ্বায়ক ও নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, রাজশাহীর সভাপতি অ্যাডভোকেট মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম। আলোচনা সভা শেষে মওলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।