উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ইরানের কেশম দ্বীপে অবস্থিত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ধারাবাহিক আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দিতেই এই অভিযান চালানো হয়েছে।
পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি রাডারব্যবস্থায় ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া কুয়েত ও বাহরাইন জানিয়েছে, তাদের আকাশসীমায় প্রবেশ করা শত্রু ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র, যেখানে বর্তমানে তিনটি বিমানবাহী রণতরি মোতায়েন রয়েছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান ওয়াশিংটনে ‘ডার্টি বোমা’ ব্যবহারের পরিকল্পনা করছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উপসাগরীয় দেশগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে।
শীঘ্রই যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার নেতাদের মধ্যে একটি ত্রিপক্ষীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সম্মেলনে বিশ্বশান্তি আলোচনার পাশাপাশি ইরান যুদ্ধের বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে চলমান এই বিরোধ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।