উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পোশাকশ্রমিকদের জন্য নতুন নির্ধারিত নিম্নতম মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক না কেন, তা ডিসেম্বরের প্রথম দিন থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে চেয়ারম্যান এসব তথ্য জানান। এসময় তিনি মজুরি সংক্রান্ত কোনো গুজব বা ভুয়া বিজ্ঞপ্তিতে বিভ্রান্ত না হতে এবং শিল্পাঞ্চলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি বিশেষভাবে আহ্বান জানান।
মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত হওয়া প্রসঙ্গে সৈয়দ আজাদ সুবহানী বলেন, কোনো চাপের মুখে নয় বরং বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি পেছানো হয়েছে। আগামী ২৩ নভেম্বর এই সভা পুনরায় অনুষ্ঠিত হবে। তিনি শ্রমিকদের আশ্বস্ত করেন যে নির্ধারিত নিয়মেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।
উল্লেখ্য, শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে গত ১ নভেম্বর সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। একই দিনে মালিক, শ্রমিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপক্ষীয় জরুরি সভা অনুষ্ঠিত হলেও বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন এখনো অব্যাহত রয়েছে।