উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একটি এলাকার সৌন্দর্য শুধু পরিচ্ছন্ন সড়ক, সুউচ্চ ভবন কিংবা দৃষ্টিনন্দন অবকাঠামোতে সীমাবদ্ধ নয়; প্রকৃত সৌন্দর্য ফুটে ওঠে সেখানকার মানুষের সচেতনতা, নাগরিক দায়িত্ববোধ এবং সম্মিলিত উদ্যোগে। সেই বোধকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন এক যাত্রা শুরু করেছে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি।
অটোরিকশামুক্ত নিকুঞ্জ গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার তাদের লক্ষ্য পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নিকুঞ্জ গড়ে তোলা। পরিচ্ছন্নতাকে এক দিনের আনুষ্ঠানিক কর্মসূচি কিংবা লোকদেখানো প্রচারণায় সীমাবদ্ধ না রেখে মানুষের দৈনন্দিন অভ্যাসে পরিণত করতে চায় সংগঠনটি। তাদের প্রত্যাশা, পরিচ্ছন্নতা হবে সবার অঙ্গীকার, আর সেই অঙ্গীকার থেকেই গড়ে উঠবে ‘ক্লিন নিকুঞ্জ’।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টায় নিকুঞ্জ-২-এর বটতলা থেকে শুরু হয় এই পরিচ্ছন্নতা কার্যক্রম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সহযোগিতায় পরিচালিত কর্মসূচিতে বটতলা থেকে পুরাতন বাজার ও সরকার বাড়ি এলাকাসহ বিভিন্ন সড়ক, ফুটপাত এবং আশপাশের স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অংশ নেন সোসাইটির সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
এ কর্মসূচির মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছে সোসাইটি—নিজের এলাকা পরিচ্ছন্ন রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, প্রত্যেক নাগরিকেরও।
কর্মসূচির শুরুতে সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যেভাবে নিকুঞ্জকে অটোরিকশামুক্ত করে একটি দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়েছে, ঠিক একইভাবে পরিচ্ছন্নতার ক্ষেত্রেও নিকুঞ্জকে একটি আদর্শ এলাকায় পরিণত করতে চান তাঁরা।
তিনি বলেন, পরিচ্ছন্নতা কোনো এক দিনের কর্মসূচি নয়, এটি একটি সুস্থ, সুন্দর ও সভ্য সমাজের পরিচয়। আমরা নিজেরা যেখানে-সেখানে ময়লা ফেলব না, অন্যকেও ফেলতে নিরুৎসাহিত করব। বাড়ির মালিক, ভাড়াটিয়া, ব্যবসায়ী, পথচারী ও তরুণ প্রজন্ম—সবাইকে এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। কারণ, সবার সম্মিলিত সচেতনতাই পারে বছরের ৩৬৫ দিন একটি এলাকাকে পরিচ্ছন্ন রাখতে।
তিনি আরও বলেন, শুধু পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করলেই হবে না, মানুষের মধ্যে পরিচ্ছন্নতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা এমন একটি নিকুঞ্জ চাই, যেখানে পরিচ্ছন্নতা হবে অভ্যাস, পরিবেশ সচেতনতা হবে নাগরিক সংস্কৃতি এবং জনস্বার্থে সবাই একসঙ্গে কাজ করবে।
সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার সৈকত বলেন, জনকল্যাণে আমাদের ভূমিকার মূল্যায়ন আমরা নিজেরা করতে চাই না; এলাকার মানুষই আমাদের কাজের মূল্যায়ন করবেন। আমরা প্রচারে নয়, কাজে বিশ্বাসী। মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য। নিকুঞ্জকে আরও সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য করে তুলতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
শনিবারের এই পরিচ্ছন্নতা কার্যক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদকের পাশাপাশি সক্রিয়ভাবে অংশ নেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মৃধা, মতিউর রহমান স্বপন, আমির হোসেন, লিটু আহমেদ লিটন, নুরুল আমিন ঝিন্টু, রুস্তম আলী, এ কে আজাদ, মো. ইব্রাহিম হোসেন, মো. আব্দুর রশিদ রাজিব, জয়নাল আবেদীন, তাহসিন মৃধা ও তাসবির ইকবালসহ সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
সোসাইটির নেতারা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে সমন্বয় রেখে পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এলাকাবাসীকে সচেতন করা, যত্রতত্র ময়লা ফেলা বন্ধে উদ্বুদ্ধ করা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সম্মিলিত নাগরিক উদ্যোগকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
সচেতন মহলের মতে, একটি পরিচ্ছন্ন এলাকা গড়ে তোলার জন্য শুধু পরিচ্ছন্নতাকর্মী কিংবা সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে চলবে না। প্রয়োজন নাগরিকদের মানসিকতার পরিবর্তন, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত অংশগ্রহণ। নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির এই উদ্যোগ সেই নাগরিক চেতনাকে জাগিয়ে তোলার একটি ইতিবাচক প্রচেষ্টা।
অটোরিকশামুক্ত নিকুঞ্জ গড়ার অভিজ্ঞতা এবার পরিচ্ছন্ন নিকুঞ্জ প্রতিষ্ঠার অনুপ্রেরণা হয়ে উঠুক—এমন প্রত্যাশা এলাকাবাসীর।
কারণ, একটি সুন্দর নিকুঞ্জ শুধু আজকের বাসিন্দাদের জন্য নয়; এটি আগামী প্রজন্মের জন্য রেখে যাওয়ার মতো এক অমূল্য উত্তরাধিকার।
কথায় নয়, কাজে—এই প্রত্যয়কে ধারণ করেই নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির এগিয়ে চলা।