উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জাতীয় সংসদে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নিয়োগ করা সিন্ডিকেটের কারণে ব্যাংকগুলো বর্তমানে খাদের কিনারে এসে দাঁড়িয়েছে।
হাসনাত আবদুল্লাহ দাবি করেন, জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ গত বছরের জুন পর্যন্ত ৭৫ হাজার ৩৯৭ কোটি টাকায় পৌঁছেছে। এর মধ্যে বেক্সিমকোর ২৩ হাজার কোটি এবং এস আলমের ১০ হাজার ২০০ কোটি টাকাসহ বড় অংকের ঋণ আটকে আছে বলে তিনি উল্লেখ করেন।
জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নিয়োগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট প্যানেল ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়। বেসরকারি খাত থেকে সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে তিনি স্পষ্ট করেন।
অর্থমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক বিবেচনায় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও হবে না। ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরছে এবং সামগ্রিক খাতটি এখন ঘুরে দাঁড়াচ্ছে বলে তিনি দাবি করেন।