উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ভবিষ্যতেও এ ধরনের প্রতিভা অন্বেষণ ও বিকাশমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬ আজ সোমবার রাঙামাটিস্থ কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে বিএফডিসি ঘাঁট এলাকায় এসে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।
পুরুষ বিভাগে ১০ কিলোমিটার সাঁতারে ফয়সাল আহম্মেদ ২ ঘন্টা ৩ মিনিট সময় নিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন। বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু আসিফ রেজা ২ ঘন্টা ৬ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন এবং ২ ঘন্টা ১১ মিনিট সময় নিয়ে সেনাবাহিনীর জুয়েল আহমেদ তৃতীয় হয়েছেন। মহিলা বিভাগ ৮ কিলোমিটার দূরত্বের সাঁতারে মুক্তি খাতুন ১ ঘন্টা ৫৫ মিনিট সময় নিয়ে প্রথম হয়েছেন। নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ২ ঘন্টা ২ মিনিট সময় নিয়ে ২য় হয়েছেন এবং একই সংস্থার পলি খাতুন তৃতীয় স্থান অর্জন করেছেন ২ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান রাঙামাটিস্থ কেন্দ্রীয় শহিদ মিনার সংলগ্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি বিজয়ী সাঁতারুদের ক্রেস্ট, সনদ ও আর্থিক পুরস্কার বিতরণ করেন এবং সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক প্রতিযোগীকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ নৌবাহিনী দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান সাঁতারু অন্বেষণ এবং আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরিতে দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।