উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসের আগুন টানা ১৮ দিন ধরে জ্বলছে। এবার সেই গ্যাস নিয়ন্ত্রিতভাবে উত্তোলনের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স। এ লক্ষ্যে শুক্রবার ১৩ নভেম্বর লরি ও ক্রেনের সাহায্যে ঘটনাস্থলে আনা হচ্ছে ভারী যন্ত্রপাতি, পাইপসহ খনন ও গ্যাস উত্তোলনের প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, ইনানীতে নলকূপ থেকে গ্যাস বেরিয়ে আগুন জ্বলে ওঠার পর থেকেই প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসসহ সম্ভাব্য ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করে আগুন নিয়ন্ত্রণ ও নিরাপদে গ্যাস উত্তোলনের সম্ভাব্য পদ্ধতি নিয়ে কাজ করছেন।
বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল পাওয়া গেছে এবং নিরাপত্তা নিশ্চিত করে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্টদের মতে, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুত নিশ্চিত হলে এটি দেশের সম্ভাব্য ৩১তম গ্যাসক্ষেত্র হিসেবে বিবেচিত হতে পারে। বর্তমানে বাংলাদেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি যার মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদন হচ্ছে।