উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মেয়াদ এই সপ্তাহের শেষ দিকে শেষ হতে যাচ্ছে। এ অবস্থায় মিশনের মেয়াদ বাড়ানোর বিষয়ে বৃহস্পতিবার ভোট দেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। একই সঙ্গে শান্তিরক্ষীদের ধাপে ধাপে প্রত্যাহারের দাবিও জোরালো হচ্ছে।
প্রেসিডেন্ট ফস্টিন-আর্চাঞ্জ তোয়াদেরা গত মাসে রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মিশনটি ধাপে ধাপে প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, দেশের পূর্ণ সার্বভৌমত্বের ভিত্তিতে নিজেদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া ও শান্তি বজায় রাখার সক্ষমতা অর্জন করা উচিত। তবে যোগাযোগমন্ত্রী এভারিস্তে এনগামানা জানিয়েছেন, প্রেসিডেন্ট মিশনটি হঠাৎ করে সরিয়ে নেওয়ার পক্ষে নন, কারণ কিছু ক্ষেত্রে এখনো দেশটির দুর্বলতা রয়েছে।
বর্তমানে মিনুসকায় প্রায় ১০ হাজার সামরিক ও ২ হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। মিশনের মুখপাত্র ইয়ায়ে সেন জানান, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া ও রাষ্ট্রীয় কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করার দায়িত্ব এখনো তাদের রয়েছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের ধারণার প্রতি ফ্রান্স ও রাশিয়ার প্রতিনিধিরাও সমর্থন জানিয়েছেন।
দেশটির নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা এখনো উদ্বেগজনক। গত ৩১ আগস্ট পর্যন্ত দেশটিতে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর হামলা ও সহিংসতার ঘটনায় সাধারণ মানুষের জীবনযাত্রা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।