উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে ঢাকা-রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
বুধবার (১১ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বিমানের পূর্বঘোষিত সিদ্ধান্তসমূহ আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সময় পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
তবে রিয়াদগামী ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবের অন্য গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা অব্যাহত রেখেছে রাষ্ট্রীয় এই উড়োজাহাজ সংস্থাটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী যথারীতি ফ্লাইট চলাচল করবে।
এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ যেকোনো তথ্যের জন্য সম্মানিত যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।