উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর ঘাতক ড্রাইভারকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মো. ফালু মিয়া (৫৫) ও মো. আরিফুর রহমান (৪২)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ওই দুই ব্যক্তি ব্যবসায়িক কাজে মোটরসাইকেলযোগে টঙ্গীর আনোয়ার ইস্পাতে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ফুটওভার ব্রিজের নিচে বিআরটিএ লেনে পৌঁছালে একটি কাভার্ডভ্যান পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তারা দুজনই গুরুতর আহত হন।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। এর মধ্যে গুরুতর আহত মো. ফালু মিয়াকে চিকিৎসার জন্য উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং মো. আরিফুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় উভয় হাসপাতালেই এই দুইজনের মৃত্যু হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তদন্ত বলেন,তারা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।