উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজধানীর দক্ষিণখান থানা এলাকায় একটি জমিতে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ২৪ অক্টোবর (শনিবার) ভোর ৫:৩০ মিনিটে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা (এসআরবি)। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দক্ষিণখান থানায় হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী ও মামলার বাদী শামীমা আক্তার ডালিয়া জানান, ব্যাংকের লোন (ঋণ) পরিশোধ করার উদ্দেশ্যে দক্ষিণখান থানার সামনে অবস্থিত তাদের নিজস্ব একটি জমি বিক্রির উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে জমিটিতে একটি বিক্রয় বিজ্ঞপ্তি সংবলিত সাইনবোর্ড স্থাপন করেন মালিকপক্ষ।
অভিযোগ রয়েছে, সাইনবোর্ড লাগানোর পর পরই আসামিরা জমির মালিকের কাছে গিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে জমি বিক্রি করতে দেওয়া হবে না এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়। এই ঘটনায় শামীমা আক্তার ডালিয়া বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
মামলায় উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সভাপতি এম সাজ্জাদ হোসেন এবং মোকলেছুর রহমানসহ মোট ২৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে।
দক্ষিণখান থানা পুলিশ জানায়, সুনির্দিষ্ট চাঁদাবাজির মামলার প্রেক্ষিতে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে এবং ঘটনার সুষ্ঠু তদন্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।