উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গ্রিসের এজিয়ান সাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে পৃথক দুটি মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জন অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি হয়েছে। সোমবার কোস্টগার্ডের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
লেসবস দ্বীপের কাছে পুলিশের টহলযানের সঙ্গে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী দ্রুতগতির একটি নৌকার সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে চারজন নারী ও একটি শিশু রয়েছে, এছাড়া আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
অপরদিকে সামোস দ্বীপের কাছে একটি ছোট নৌকা ডুবে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী রয়েছেন এবং উদ্ধারকৃত ১৪ জনের মধ্যে একজনকে মানবপাচারকারী বলে সন্দেহ করছে কর্তৃপক্ষ।
তুরস্ক থেকে ইউরোপে পৌঁছানোর জন্য এজিয়ান সাগর অত্যন্ত ঝুঁকিপূর্ণ পথ হিসেবে পরিচিত। এর আগে গত সেপ্টেম্বরে ক্রিট দ্বীপের উপকূলে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু এবং ২৫ জন নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছিল।