উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিন জানায়, সম্ভাব্য এ বৈঠক নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা আলোচ্যসূচি নিয়ে আলোচনা হয়নি। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া দেশটিতে চলমান যুদ্ধের অবসানে কোনো চূড়ান্ত সমঝোতা সম্ভব নয়।
রোববার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠক করতে চান পুতিন। মস্কোর স্বার্থের অনুকূলে একটি শান্তিচুক্তি সম্পাদনের মধ্যস্থতা করাও তাঁর লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আলোচনার সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, তিন রাষ্ট্রপ্রধানই চীনে অনুষ্ঠেয় একটি সম্মেলনে সম্ভাব্যভাবে অংশ নিতে পারেন এবং সে কারণে এমন একটি কাল্পনিক বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে তিনি বলেন, বৈঠকটি আয়োজন কিংবা এর সম্ভাব্য আলোচ্যসূচি ও বিষয়বস্তু নিয়ে কেউ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা সমঝোতা উপস্থাপন করেননি কিংবা আলোচনা করেননি। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া পুতিন কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, এ কথা বলার অপেক্ষা রাখে না যে, দায়িত্ব নিতে প্রস্তুত কিয়েভের কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়া চূড়ান্ত সমাধান সম্ভব নয়। পুতিন বারবার বলেছেন, চূড়ান্ত শান্তিচুক্তির খসড়া প্রস্তুত হওয়ার আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন না। সামরিক আইনের অধীনে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে স্বাক্ষর করার তাঁর কর্তৃত্ব নিয়েও পুতিন বারবার প্রশ্ন তুলেছেন।