উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার রান ও তিনশ উইকেটের অনন্য এক কীর্তি গড়ে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন নাম লিখিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শুভাগত হোম। তিনিই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মর্যাদাপূর্ণ মাইলফলক অর্জন করার গৌরব অর্জন করলেন। মঙ্গলবার কক্সবাজার ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে ঢাকা বিভাগের বিপক্ষে ময়মনসিংহ বিভাগের ম্যাচের দ্বিতীয় দিনে এই কীর্তি গড়েন তিনি।
দিনটি শুরুর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে শুভাগতের রান ছিল ৬৯৩০ এবং উইকেট সংখ্যা ছিল ৩১১টি। ঐতিহাসিক এই কীর্তি স্পর্শ করার জন্য তাঁর ব্যাটের প্রয়োজন ছিল মাত্র ৭০ রান। ডানহাতি এই ব্যাটার ১২৫ বল মোকাবিলা করে চারটি বাউন্ডারির সাহায্যে প্রয়োজনীয় রান তুলে নেন এবং মাইলফলক স্পর্শ করেন।
সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার পর নিজের ইনিংসে আর মাত্র এক রান যোগ করতে পেরেছেন এই অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৭১ রান করেই সাজঘরে ফিরে যান তিনি। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শুভাগত আটটি টেস্ট, চারটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।