উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
চীনের রাজধানী বেইজিং থেকে গাড়িতে প্রায় চার ঘণ্টা উত্তর-পশ্চিমে এগিয়ে মহাপ্রাচীর পেরিয়ে পৌঁছানো যায় ইনার মঙ্গোলিয়ার তৃণভূমিতে। চীনের দ্রুত বিকাশমান উপকূলীয় শহরগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন এ অঞ্চলে এখন গড়ে উঠছে বিশাল ডেটা সেন্টার। একসময় চীনের আলুর রাজধানী হিসেবে পরিচিত একটি শহরে আকাশ ছুঁতে চাওয়া নির্মাণক্রেনের সারি এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আগমন এ অঞ্চলের অর্থনৈতিক রূপান্তরের ইঙ্গিত দিচ্ছে।
ভিনেট গ্রুপ উলানচাবে প্রায় ১ হাজার ১০০ মু বা প্রায় ৭৩ হেক্টর জমিতে একটি কম্পিউটিং ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা করেছে। এর প্রথম পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে ২০২৪ সালের অক্টোবরে। এ পরিবর্তন শুধু উলানচাবেই সীমাবদ্ধ নয়, ইনার মঙ্গোলিয়া সামগ্রিকভাবেই কম্পিউটিং সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ বাসস জানিয়েছে, বিভিন্ন কারণে এ রূপান্তর সম্ভব হয়েছে যার মধ্যে রয়েছে এখানকার অনুকূল আবহাওয়া। এখানকার আবহাওয়া বছরের প্রায় ১০ মাস কৃত্রিম বুদ্ধিমত্তার সার্ভার র্যাক স্বাভাবিকভাবে ঠান্ডা রাখার সুযোগ দেয়। বিস্তীর্ণ বায়ুপ্রবাহপ্রবণ তৃণভূমিতে বিপুল পরিমাণ বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদনের সুযোগ থাকায় বিদ্যুৎ খরচও বেশ কম।