উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য নিজেদের টেস্ট দলে একটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ব্যক্তিগত ও পারিবারিক কারণে ভারত থেকে দেশে ফিরে যাওয়ায় পেস অলরাউন্ডার কেমো পলের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শামার স্প্রিঙ্গারকে। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পাওয়া স্প্রিঙ্গার এর আগে দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে অংশ নিয়েছেন।
২৮ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি খেলার উদ্দেশ্যে আজই ঢাকায় পা রাখছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দল।
ওয়েস্ট ইন্ডিজের ঘোষিত এই দলে নেই সাদা বলের নিয়মিত অধিনায়ক শাই হোপ এবং পেসার আলজারি জোসেফ। হোপকে বিশ্রাম দেওয়া হয়েছে এবং কাজের চাপের কথা বিবেচনা করে জোসেফকে রাখা হয়নি। এর আগে জোসেফের বদলি হিসেবেই দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল কেমো পলকে, যিনি এখন সিরিজ থেকে ছিটকে গেলেন।