উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারে প্রায় ১৯ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের ৬ লাখ ৫২ হাজার ২৪৮ পিস ইয়াবা ও ১৫৫ লিটার বাংলা মদ ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার সকালে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সদরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
বিজিবি জানায়, ২০২৫ সালের ১৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৮ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সময়ে সীমান্তে পরিচালিত অভিযানে এসব মাদক জব্দ করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ কোটি ৫৭ লাখ ২০ হাজার ৯০০ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন। এছাড়া রামু সেক্টরের কমান্ডার, ৩৪ বিজিবির অধিনায়ক ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা এতে অংশ নেন।
বিজিবি আরও জানায়, গত এক বছরে কক্সবাজার ব্যাটালিয়ন ১৬০ কোটি ২৮ লাখ টাকারও বেশি মূল্যের মাদক ও মালামাল জব্দ করেছে। এ সময় ২৮৫ জন আসামিকে আটক করা হয়েছে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।