উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। শুরু থেকেই দারুণ আক্রমণাত্মক খেলা উপহার দেয় স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল। প্রথমার্ধ শেষে ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্ত করে ব্যবধান বাড়িয়ে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখে ৭ গোল করে ম্যাচসেরা হয়েছেন আলপনা আক্তার। এছাড়া মিষ্টি খাতুন ও শ্যামলী মিঞ্জ ৬টি করে এবং অধিনায়ক ইসমেতারা নিশি ৫টি গোল করেন।
ম্যাচে সায়মা জান্নাত সীমা ৪টি ও মাসুদা আক্তার ২টি গোল করেন। পাশাপাশি পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা একটি করে গোল করেন। চার দলের এই সিঙ্গেল লিগ পদ্ধতির প্রতিযোগিতায় বড় জয় পাওয়ায় ফাইনালের লড়াইয়ে আত্মবিশ্বাসী থাকবে দল। আগামীকাল দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।