উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আগামীকাল সোমবার থেকে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে শুরু হচ্ছে জাতিসংঘের ঐতিহাসিক জীববৈচিত্র্য সম্মেলন বা কপ১৭। ১৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠেয় এই সম্মেলনে ২০৩০ সালের মধ্যে বিশ্বের প্রকৃতি ও জীববৈচিত্র্য ধ্বংসের ধারা রুখে দেওয়ার মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইয়েরেভান সম্মেলনকে বিশ্বনেতাদের জন্য এক জবাবদিহিতার মুহূর্ত হিসেবে আখ্যায়িত করেছেন।
২০২২ সালে স্বাক্ষরিত কুনমিং-মন্ট্রিল গ্লোবাল বায়োডাইভারসিটি ফ্রেমওয়ার্কের মূল লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্তত ৩০ শতাংশ স্থল ও জলভাগ সংরক্ষণ করা। এই মহাপরিকল্পনায় জলবায়ু পরিবর্তন রোধ, দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ খাতে প্রতি বছর অন্তত ২০০ বিলিয়ন মার্কিন ডলার তহবিল নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। তবে জাতিসংঘের সাম্প্রতিক মূল্যায়নে দেখা গেছে, পরিবেশ রক্ষায় বৈশ্বিক অগ্রগতির গতি এখনও অনেক ধীর এবং অর্ধেকের কম দেশের কার্যক্রম সঠিক ট্র্যাকে রয়েছে।
আর্মেনিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত পারুয়ার হোভহানিসিয়ান জানিয়েছেন, এবারের কপ১৭ সম্মেলনের মূল লক্ষ্য হলো শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে তা মাঠপর্যায়ে বাস্তবায়ন করা। আন্তর্জাতিক উৎস থেকে অন্তত ৩০ বিলিয়ন ডলারসহ মোট ২০০ বিলিয়ন ডলারের বার্ষিক বৈশ্বিক তহবিল নিশ্চিত করার বিষয়ে ইয়েরেভানে আলোচনা হবে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভারসিটির নির্বাহী সম্পাদক অ্যাস্ট্রিড শমেকার সময় নষ্ট না করে একসাথে কাজ করে ঘাটতিগুলো পূরণের আহ্বান জানিয়েছেন।