উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বিরোধী দল সরকারের পতন নয়, সফলতা চেয়েছিল বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক মুক্ত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। ‘জুলাই সনদের এক বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক এই সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শফিকুর রহমান বলেন, এত দিন তাঁরা সরকারকে সহযোগিতা করার কথা বলেছেন এবং এখন তাঁরা ১৮ কোটি মানুষকে সহযোগিতা করবেন। সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্ট দুপুরের আগপর্যন্ত বিএনপি মজলুম ছিল কিন্তু নির্বাচনের পর শপথের দিন থেকেই তারা জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা শুরু করেছে। তিনি আরও অভিযোগ করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির দিকে হাত বাড়ানো হচ্ছে এবং মন্ত্রীদের পিএসসির সদস্যদের পদত্যাগ বলার কোনো অধিকার নেই।
সাত মাসের মধ্যে রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে জবাই করা হয়েছে মন্তব্য করে জামায়াত আমির বলেন, বিরোধী দল মুখে আঙুল দিয়ে বসে থাকবে না এবং ৮৯ জন সংসদ সদস্য সারা দেশের ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করেই ছাড়বেন উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনে নব্য ফ্যাসিবাদের পতন হবে এবং কোনো চোখ রাঙানিকে ভয় করা হবে না।
আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় না বরং আধিপত্যবাদীদের সঙ্গে আপস করে রাষ্ট্র পরিচালনা করতে চায়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এবং এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ অন্যান্য নেতারাও সভায় বক্তব্য দেন।