উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ওমানের আল আমিরাত স্টেডিয়ামে চার ম্যাচের যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৩৩ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও এসকে জারিফ সিয়ামের অর্ধশতকের ওপর ভর করে বাংলাদেশ ৮ উইকেটে ২৫০ রানের লড়াকু সংগ্রহ গড়ে।
ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ১১১ রানে পাঁচ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে রাকিবুল ও মুমিন ১১৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। রাকিবুল ৭৯ রানে অপরাজিত থাকেন, মুমিন করেন ৫৪ রান এবং ওপেনার জারিফ সিয়াম করেন ৫০ রান।
জবাবে ব্যাট করতে নেমে রুবাইয়া ইসলাম রিজনের দুর্দান্ত বোলিংয়ে ৪৮.২ ওভারে ২১৭ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। রিজন একাই পাঁচ উইকেট শিকার করেন, এছাড়া আতিউর রহমান দুটি ও জারিফ সিয়াম একটি উইকেট পান।
এই জয়ে চার ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী সোমবার।