উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নানা ভুল ও বিতর্কের মুখে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদ ছাড়তে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রেস সচিব কেটি জাকারিয়াকে। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনকক্ষে প্রথম ব্রিফিংয়ের পর থেকেই ৪১ বছর বয়সী এই মুখপাত্র তীব্র সমালোচনার মুখে পড়েন। ফক্স নিউজে তার পদ ছাড়ার খবর প্রকাশের পর হোয়াইট হাউসের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়।
দায়িত্ব নেওয়ার পর মঙ্গলবার সকালে প্রথম ব্রিফিংয়ে ১৫ মিনিটেরও কম সময় কথা বলেন জাকারিয়া। সেখানে ট্রাম্পের নানা সাফল্যের বিবরণ ধীরগতিতে পড়ে শোনানোর পর মাত্র তিনটি প্রশ্নের উত্তর দেন তিনি। এর পরপরই তার আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক জোরালো হয়। অতীতে বিভিন্ন প্ল্যাটফর্মে নিজেকে আইনজীবী দাবি করলেও বাস্তবে আইন পেশায় যুক্ত হওয়ার প্রয়োজনীয় বার পরীক্ষায় তিনি কখনো উত্তীর্ণ হতে পারেননি।
ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনের ডিগ্রি থাকা সত্ত্বেও বার পরীক্ষায় পাস না করার বিষয়টি বৃহস্পতিবার নিজেই স্বীকার করেন জাকারিয়া। ফক্স নিউজের শন হ্যানিটির অনুষ্ঠানে তিনি জানান, আইন পেশায় কাজ করার কোনো ইচ্ছাই তার ছিল না। অন্য একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, স্বামীর সঙ্গে চীনে চলে যাওয়ার পরিকল্পনা ও মানসিক চাপের কারণে নিবন্ধনের পরও তার পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি।
এই বিতর্ক নিয়ে খোদ প্রেসিডেন্ট ট্রাম্পও নতুন মুখপাত্রের ওপর অসন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি জাকারিয়াকে দায়িত্ব পুনর্বিবেচনার পরামর্শ দিয়ে বলেছিলেন, ‘কেটি, এই কাজটা কি আপনার জন্য? আপনাকে এটা করতেই হবে, এমন নয়। আমি আপনার জায়গায় থাকলে বিষয়টি নিয়ে আরেকবার ভাবতাম।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধ, মূল্যস্ফীতি এবং দুর্নীতি নিয়ে ট্রাম্প যখন রাজনৈতিক চাপে রয়েছেন, তখন এ ঘটনা নতুন বিব্রতকর পরিস্থিতি তৈরি করল। এর আগে ট্রাম্পের প্রথম মেয়াদে যোগাযোগবিষয়ক পরিচালক অ্যান্থনি স্কারামুচি মাত্র ১১ দিন দায়িত্বে ছিলেন। ক্যারোলিন লিভিটের স্থলাভিষিক্ত হওয়া জাকারিয়া তার অর্ধেকেরও কম সময়ে বিদায় নিয়ে সেই রেকর্ডও ভেঙে দিলেন।