উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ইরানের একটি ব্যাংকের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে কিউবার ব্যাংকো ইন্টারন্যাশনাল দে কোমেরসিও এসএ বা বিআইসিএসএ’র ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের নিষেধাজ্ঞার আওতায় থাকা কারাফারিন ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার এই ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ২০২০ সাল থেকে কারাফারিন ব্যাংক মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং ইরানের ওপর অর্থনৈতিক চাপ জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে জানান যে দীর্ঘদিন ধরে কমিউনিস্ট শাসিত কিউবাকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এ পদক্ষেপকে আগ্রাসী বলে আখ্যা দেন। তিনি বলেন যে বিআইসিএসএ একটি সম্পূর্ণ বৈধ ব্যাংক এবং কিউবা ও বিশ্বের অন্যান্য দেশে ব্যাংকটির লেনদেনও সম্পূর্ণ বৈধ।
গত ২৯ জানুয়ারি ট্রাম্প প্রশাসন কিউবাকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ঘোষণা করার পর থেকে ওয়াশিংটন চাপ ক্রমাগত বাড়িয়েছে। এদিকে বৃহস্পতিবার ইরানের সঙ্গে আর্থিক সম্পর্কের অভিযোগে ইরাকভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, ব্যাংকটি ইরান এবং দেশটির কয়েকটি ব্যাংককে আর্থিক সেবা ও মার্কিন ডলারে লেনদেনের সুযোগ দিয়ে থাকে।