উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোট আদর্শিক জোটে রূপ নিয়েছে এবং দলে জামায়াতি আদর্শের বিস্তার ঘটেছে এমন গুরুতর অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবদুর রহমান। শুক্রবার রাত ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর লেখা পদত্যাগপত্রটি তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পদত্যাগপত্রে আবদুর রহমান উল্লেখ করেন, ঐতিহাসিক বিষয়ে নিজের মতামতের কারণে দলীয় সহকর্মীদের কাছ থেকে তাঁকে মুজিববাদী ট্যাগের শিকার হতে হয়েছে, যা তাঁর মতপ্রকাশের স্বাধীনতাকে খর্ব করেছে। তিনি আরও জানান, এনসিপির বর্তমান রাজনৈতিক ও আদর্শিক অবস্থান জামায়াত-শিবিরের বয়ানের সঙ্গে একাকার হয়ে যাওয়ায় তাঁর পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা নৈতিক ও আদর্শিকভাবে অসম্ভব হয়ে পড়েছে। ফলে তিনি স্বেচ্ছায় সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন।
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে অতীতে যুক্ত থাকা আবদুর রহমান ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর এনসিপির সঙ্গে যুক্ত হন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসনে দলের প্রাথমিক প্রার্থী ছিলেন। ১৫ আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেওয়ায় তাঁকে আওয়ামী লীগ বলে ট্যাগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এদিকে আবদুর রহমানের পদত্যাগের বিষয়ে এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার দাবি করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিলেন এবং দেশের বাইরে চলে গেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মত উৎপাদনের কারণে তাঁকে পুনর্গঠিত কমিটিতে রাখা হচ্ছে না জেনেই তিনি ফেসবুকে এই পদত্যাগের নাটক করেছেন বলে মন্তব্য করেন সারোয়ার তুষার।