উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আজ শনিবার জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্ণ হয়েছে। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কাঠামোগত সংস্কারের রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে এই সনদ তৈরি করা হয়েছিল। তবে এক বছরের মাথায় এসে সনদ বাস্তবায়নের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের বিভাজন দেখা দিয়েছে।
জুলাই সনদের সংবিধান-সম্পর্কিত প্রস্তাব বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করছে না বিএনপি। সংবিধান সংশোধনের জন্য তারা একটি বিশেষ সংসদীয় কমিটি করেছে, যা বিরোধী দল প্রত্যাখ্যান করেছে। বিরোধী দলগুলো গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
গত বছরের ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতে ইসলামীসহ ২৪টি দল এই সনদের অঙ্গীকারনামায় সই করে। পরে গণফোরাম এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারি এনসিপি এতে সই করে। তবে ঐকমত্য কমিশনের আলোচনায় অংশ নিলেও বামধারার চারটি দল সনদে সই করেনি।
সংবিধানের কিছু মৌলিক প্রস্তাব ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে থেকেই মতপার্থক্য ছিল। বিশেষ করে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন ও উচ্চকক্ষে আসন বণ্টনের পদ্ধতিতে বিএনপির ভিন্নমত রয়েছে। জামায়াতে ইসলামী ও এনসিপি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথের আন্দোলন জোরদার করতে চাইছে।
সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই জাতীয় সনদ শুধু রাজনৈতিক দলগুলোর সমঝোতার দলিল নয়, গণভোটের মাধ্যমে এটি জনগণের সমর্থন পেয়েছে। এখন কোনো দল যদি সেই জায়গা থেকে সরে আসে, তবে তা হবে অঙ্গীকারের ব্যত্যয়।