উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকা ও শহরের বিভিন্ন পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং মণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও পৌর শহরের শান্তিনগর এলাকার একটি পূজামণ্ডপ পরিদর্শনকালে ঠাকুরগাঁও বিজিবি সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া এই তথ্য জানান। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী ও শহরাঞ্চলের মণ্ডপে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিজিবি’র নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানান কর্নেল সুরুজ মিয়া, যাতে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। এ সময় তিনি দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক আখলাকুর রহমানসহ বিজিবি’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁও জেলায় প্রায় ৪৭৫টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।